বান্ধবীকে নিয়ে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রকাশ শাখারী। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন মারধর করে পুলিশে সোপর্দ করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দোহার উপজেলার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকাশ শাখারী নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফকির চান শাখারীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় প্রকাশকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর এক বান্ধবীকে নিয়ে পদ্মা নদীর পাড়ে নয়াবাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলেন প্রকাশ। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। পরে রাত ৯টার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রকাশকে থানা-হাজতে নেওয়া হয়েছে।
গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে প্রকাশ শাখারীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে।