পরিচালক রাজা মিত্র আর নেই

ভারতের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা মিত্র আর নেই। গতকাল রাত ৩টার দিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায়, মরণব্যাধি রোগ ক্যানসারের চিকিৎসা চলছিল তার। শেষ পর্যন্ত হার মানলেন তিনি। শেষ হলো লড়াই। নিঃশব্দেই চলে গেলেন পরিচালক রাজা মিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে রৌদ্র মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রাজা মিত্রর পরিচালিত প্রথম ছসিনেমা ‘একটি জীবন’ ১৯৮৭ সালে মুক্তি পায়। প্রথম সিনেমাতেই তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। এরপর ‘নয়নতারা’, ‘যতনের জমি’-এর মতো চলচ্চিত্র বাংলা সিনেমার জগতে আলাদা মর্যাদা এনে দেয়।

রাজা মিত্র পরিচালিত ‘একটি জীবন’ জাতীয় পুরস্কার পায় ১৯৮৭ সালে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন আর এক অসাধারণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজা মিত্র ‘স্বর্ণ কমল’, ‘রজত কমল’ পুরস্কার পান ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ সিনেমাতে সঙ্গীত পরিচালনার জন্য। ডেবিউ ফিল্ম মেকার হিসেবে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ ও পেয়েছেন প্রয়াত এ পরিচালক।

শুধু চলচ্চিত্র পরিচালনাই নয়, সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। ১৯৭৮ সাল থেকে ১৯৮০ অবধি চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সহকারী হিসেবে কাজ করেন রাজা মিত্র। বিভিন্ন চলচ্চিত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জাতীয় চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বার ছিলেন পরিচালক রাজা মিত্র। ১৯৮৮ সালে তিনি তার কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন।