বলিউড অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কীভাবে তার বাবা, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর, তার প্রথম স্ত্রী মোনা শৌরিকে ছেড়ে প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন, এবং কীভাবে এই ঘটনা তার শৈশবকে প্রভাবিত করেছিল।
রাজ শামানির সঙ্গে এক আলাপচারিতায় অর্জুন বলেন, ‘আমার বাবা-মায়ের বিচ্ছেদ হয় তখন আমি মাত্র ১০ বছরের। সেই মুহূর্তে মনে হয়নি যে এটি আমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু এখন পেছনে তাকালে বুঝতে পারি, এই ঘটনা আমার ওপর কতটা প্রভাব ফেলেছিল।’
তিনি বলেন, ‘সেই সময় বাবা দুটি বড় বাজেটের সিনেমা প্রেম এবং রূপ কি রানি চোরো কা রাজা নিয়ে ব্যস্ত ছিলেন। তার ওপর সিনেমাগুলো শেষ করার প্রচণ্ড চাপ ছিল। ফলে সাধারণ বাবা-ছেলের সম্পর্কের অভাব ছিল। স্কুলে নিয়ে যাওয়া বা স্কুল থেকে নিয়ে আসার মতো সময় বাবার ছিল না। এরপরই আমাদের পরিবারের বিচ্ছেদ ঘটে। এটি নিঃসন্দেহে একটি বেদনাদায়ক স্মৃতি।’
এই পারিবারিক টানাপোড়েনের কারণে অর্জুনকে খুব অল্প বয়সেই চাপের মুখে পরতে হয়। তিনি আরও বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়ে গিয়েছিলাম। বাবার সঙ্গে সংযোগ হারাতে চাইতাম না। তাই নিজের মতো করে পরিস্থিতি বুঝে নিতে চেষ্টা করতাম। বাবার সিদ্ধান্তে তিনি খুশি ছিলেন কিনা, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।’ বর্তমানে অর্জুন এবং বনি কাপুরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তারা একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন এবং সম্পর্কের গভীরতা আরও মজবুত করার ওপর জোর দেন।