‘শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম বলেছেন, দেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী। শতকরা ৬০ ভাগ মানুষ নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষ। এই ৬০ ভাগ মানুষকে বাদ দিয়ে দেশে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ ছিল বলেই পরিবর্তন এসেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন শহরের জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। 

শামসুল ইসলাম বলেন, আমাদের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যেখানের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয় এদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয় কোনো পরিবর্তন আশা করা যায় না। সুতরাং শ্রমজীবী মানুষের এই সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের নিয়ে কাজ করতে হবে। অধিকাংশ নবীজীকে পাঠিয়েছেন শ্রমজীবী মানুষ হিসেবে। শ্রমজীবী মানুষকে আল্লাহ পছন্দ করেন।


 
তিনি বলেন, যারা দ্বীন কায়েম করেছেন তাদের অধিকাংশ ছিলেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষ যে দিকে যায় সে দিকে সফলতা আসবেই। শ্রমজীবী মানুষ খুবই সহজ সরল। পৃথিবীর ইতিহাসে যেখানে পরিবর্তন এসেছে সেখানে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল বেশি। আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন শ্রমজীবী মানুষের ভূমিকা ছিল বেশি। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভপতি মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

দ্বি-বার্ষিক সম্মেলনে মো. আব্দুল মোমিনকে সভাপতি এবং মো. সোলায়মান হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।