জাতীয় দলের কোচ নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে

বৃটিশ কোচ জেমি ডে বহিষ্কার হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। ২০২২ সালের ৮ জানুয়ারি বাফুফের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। সেই বছরের মার্চ থেকে তার অধীনে জামাল ভূঁইয়ারা খেলছেন। শুরুটা বন্ধুর হলেও তা কাটিয়ে উঠেছিলেন। পাচ্ছিলেন সাফল্যও, তবু তা মন ভরাতে পারেনি কারোরই। যে কারণে নতুন করে আর তার সঙ্গে চুক্তি নবায়নের পথে হাটছে না বাফুফে।

তবে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, বর্তমান কোচের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এর আগে নতুন কোচ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান কোচের সঙ্গে কাজ চালিয়ে যাব। জানুয়ারির ১ তারিখ থেকে নতুন মৌসুমের জন্য কোচ নিয়ে আলোচনা শুরু হবে।’

তাবিথ আরও জানান, জাতীয় দল কমিটির তথ্য এবং ডেটা বিশ্লেষণ করেই পরবর্তী কোচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘কেবল কোচের পারফরম্যান্স দেখলেই হবে না, আমাদের দেখতে হবে দলের জন্য কী সুবিধা দেওয়া হয়েছে। এসব বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

কাবরেরার অধীনে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেতে সময় লেগেছিল ৭ ম্যাচ। তার অধীনে প্রথম ৬ ম্যাচ জয়ের দেখা পাননি জামালরা। অ্যাটাকিং কৌশলেই বেশিরভাগ সময় দল সাজাতে দেখা গেছে তাকে। তবে ৩২ ম্যাচ খেলিয়ে জয়ের দেখা পেয়েছেন মাত্র ৮টি। ৭টি ড্রয়ের বিপরীতে হার ১৭টিতে। এসব ম্যাচে বাংলাদেশ দিয়েছে ২০ গোল, হজম করেছে ৪৭টি। স্প্যানিশ এই কোচের অধীনে সাফল্য বলতে এক যুগ পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে পারাটা।