হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।

এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এ এফ হাসান আরিফ। এ ছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।