এবার আবাহনীর কাছে হারল কিংস

বসুন্ধরা কিংসের হলোটা কী! গত কয়েক বছরের প্রতাপশালী দলটিকে চার ম্যাচে বিস্ময়করভাবে তৃতীয় হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে। এবার তারা হেরেছে বিদেশি ফুটবলার ছাড়া দলগড়া আবাহনীর কাছে, যারা এর আগে ১০ বারের দেখায় একবারও কিংসকে হারাতে পারেনি।

মৌসুম শুরুর আগে থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচেই হেরে ফিরতে হয়েছিল কিংসকে। সব মিলিয়ে দেশে-বিদেশে ৯ ম্যাচের ৬টিই হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের অবস্থা এখন দিশেহারা। আর এই ৯ ম্যাচে ৬ হারই নতুন কোচ রুমানিয়ার ভ্যালেরিউ তিতের অধীনে।

গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিংস হেরেছে আবাহনীর সুমন রেজার করা একমাত্র গোলে। পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ হারায় কিংস। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে মোহামেডান।

কুমিল্লায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই আবাহনী এগিয়ে যায়। এক ডিফেন্ডার ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি। শাহরিয়ার ইমন বল পেয়ে বাঁ দিকে এগিয়ে গিয়ে দারুণভাবে ক্রস দেন পোস্টের সামনে, দৌড়ে এসে সুমন রেজা হেডে কিংসের গোলকিপার শ্রাবণকে পরাস্ত করে সমর্থকদের মুখে হাসি ফোটান। ম্যাচের বাকি সময়ে আবাহনী রক্ষণে বাড়তি নজর দিয়ে লড়াই করেছে শেষ পর্যন্ত। অবশ্য বসুন্ধরা বারবার আক্রমণ করেছে গোল শোধের জন্য। তবে আবাহনীর গোলকিপার মিতুল মারমা গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী হয়ে। ৩৩ মিনিটে মিগেলের পাসে বক্সে ঢুকে ফার্নান্দেজ মিতুলকে একা পেয়ে তাড়াআড়িভাবে বল মারেন। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। তিন মিনিট পর দামাশেনোর শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান মিতুল। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল কিংস। মোহাম্মদ হৃদয়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে মিগেলের শট মিতুল বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন। ৮৫ মিনিটে কিংসের জনির শটও মিতুল তালুবন্দি করেন।

চলতি লিগে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ হারল কিংস। এর আগে মোহামেডানের কাছে হেরেছিল শিরোপাধারীরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কিংসের তৃতীয় হার, টানা দ্বিতীয়। এর আগে ফেডারেশন কাপে ফর্টিসের কাছে হেরেছিল বসুন্ধরা কিংস।

তিন বিদেশিতে মোহামেডানের জয় : ময়মনসিংহে খেলার ৩১ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নারে লাফিয়ে হেড করে গোল করেন মোহামেডানের এমানুয়েল টনি। ৩৯ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রিয়াদুল হাসান রাফির আড়াআড়ি ক্রসে স্লাইড করে গোল করেন এমানুয়েল সানডে। প্রথমার্ধের যোগ করা সময়ে আল আমিন এক গোল শোধ দিলে ম্যাচে ফেরে পুলিশ। ৭১ মিনিটে ফের ব্যবধান বাড়ায় মোহামেডান। সতীর্থের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে মোজাফ্ফরভ লম্বা করে বাড়ান। মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতে গোল করেন। লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই চলছে আল আমিন ও দিয়াবাতের মধ্যে। দুজনেরই গোল সমান ৫টি করে।

লিগে চার ম্যাচের সবগুলো জিতে শীর্ষস্থান আরও মজবুত করল মোহামেডান। চার ম্যাচে তিন জয়ে দুইয়ে আছে ঢাকা আবাহনী। চার ম্যাচ থেকে দুটি করে জয় ও হারে ৬ পয়েন্টে চার নম্বরে বসুন্ধরা কিংস। পুলিশ এফসির পয়েন্টও ৬, গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা আছে পাঁচ নম্বরে।