দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো আজ শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা জামায়াতের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার মিছিল, মিটিং, প্রচারপত্র, ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় ব্যাপক প্রচরাণা চলছে।
সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার জেলার বাসিন্দা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতারা।
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, আমরা দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতন, নিষ্পেষণ এর পাশাপাশি সারা দেশের মতো মৌলিক কথা বলার অধিকার হারিয়ে ছিলাম। এ রকম উন্মুক্ত পরিবেশে জেলার সব মানুষের মধ্যে আগ্রহ-উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। বিপুল সংখ্যক লোকসমাগম ঘটবে।