রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ছৈয়দ উল্লাহ। এ সময় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।

জীবিত উদ্ধার দুই শিশু হলো উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর এবং একই ক্যাম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদের ছেলে এনায়েত রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় কিছু শিশু-কিশোর খেলাধুলা করছিল। একপর্যায়ে পাহাড়ের চূড়া থেকে বড় এক মাটির খ- আকস্মিক ধসে পড়ে। এতে তিন শিশু মাটিচাপা পড়ে। এ সময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তারা রোহিঙ্গা ক্যাম্পটি সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এপিবিএনের পুলিশ সুপার বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটির প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলো এখন বৃক্ষশূন্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।’