পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্ষোভে স্টাম্পে লাথি মারেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেন। এমন আচরণ মোটেও ভালোভাবে নেয়নি আইসিসি, দিয়েছে শাস্তি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্টাম্পে লাথি মেরে ক্লাসেন আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করেছেন। যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে মাঠের কোনো জিনিস, সরঞ্জামে আঘাত করলে শাস্তির বিধান রয়েছে।
নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ক্লাসেন। যার কারণে কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। লেভেল ওয়ান পর্যায়ের আচরণবিধি ভঙ করার কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে ক্লাসেনের নামের পাশে।
এ ঘটনা ঘটে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ৩৩০ রান তাড়া করতে নেমে ৪৩ ওভারের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তখনো ৯৭ রানে ক্রিজে অপরাজিত ছিলেন ক্লাসেন। কিন্তু পরের ওভারের প্রথম বলেই নাসিম শাহর বলে আউট হন তিনি। ৮১ রানে হেরে যায় দল। সেঞ্চুরি মিসের সঙ্গে দলকে জেতাতে না পারার আক্ষেপ। রাগে-ক্ষোভে স্টাম্পে লাথি মেসে বসেন ক্লাসেন।