বাজে ফর্মের পর ইনজুরি, মরার উপর খাড়ার ঘা সিটিতে

সময়টা মোটেও ভালো কাটছে না পেপ গার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচের শীষ্যরা মাঠে দেখাতে পারছেন না নৈপুণ্য, তাতে ফলও আসছে না দলের। হারতে হয়েছে গত ১১ ম্যাচের ৮টিতে। একে তো দলের বাজে ফর্ম তার উপর এসে জুটেছে নতুন বিপদ- ইনজুরি। প্রায় চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন সিটির তারকা ডিফেন্ডার রুবেন দিয়াস। শঙ্কা রয়েছে গোলরক্ষক এডারসনকে নিয়েও। 

এর পরও নিজের চিরাচরিত শক্ত মানসিক অবস্থার প্রদর্শনী দেখিয়ে চলেছেন পেপ গার্দিওলা। আজ রাতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে গত আট বছরের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে জয়ে ফেরার আভাস দিয়েছেন সিটি কোচ। পেপ গার্দিওলা বলেন, ‘আমি ৪০ দিন খারাপ ফলাফল পেয়েছি, এটা সত্যি, বিশেষ করে যখন আপনি এটাকে গত আট বছরের সঙ্গে তুলনা করেন। এই সাফল্য এবং অবিশ্বাস্য ফলাফলের আট বছর হয়েছে, এবং এখন আমাদের ৪০-৪৫ বাজে দিন। যখন জিনিসগুলি ঠিকঠাক চলে, তখন আমরা আরও ভালো থাকি। এবং যখন সেগুলো না হয়, তখন আমাদের যা করতে হবে তার উপর আমরা আরও বেশি মনোযোগী হই।’

পেপ যোগ করেন, ‘আমি ভালো মুহূর্তগুলোর সঙ্গে বাঁচি এবং খারাপ মুহূর্তগুলোর সঙ্গেও বাঁচি। আমার কোচিং ক্যারিয়ারে এর আগেও খারাপ মুহূর্ত কাটিয়েছি, এবং আমরা সবসময়ই সবকিছুকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি। এখন এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এটা থেকে শিখছি।’

এমন পরিস্থিতিতে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির সঙ্গও পেয়েছেন পেপ। এমেরি বলেছেন, ‘আমি কিছুটা বিস্মিত কিন্তু এটা ফুটবল। আর আপনাকে মনে রাখতে হবে তিনি (পেপ) সেরাদের একজন। সে কথা মাথায় রেখেই আমরা ম্যানসিটির মুখোমুখি হবো।’

ইনজুরিতে খেলোয়াড় হারানোর পাশাপাশি মাঠের ফর্ম ভালো না গেলেও সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের উপর ভরসা রাখছেন গার্দিওলা, ‘আমি ফলস নাইন নিয়ে খেলতে পছন্দ করি। ফলস নাইনের বিপক্ষে খেলতেও আমার কোনো সমস্যা নেই কারণ আমার কাছে একজন আর্লিং আছে।’