সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৭ রানে হারিয়ে টিকে রইলো খুলনা বিভাগ। রোদবিহীন সিলেটের কুয়াশামাখা আবহাওয়ায় খুলনার ১৪৬ রানের জবাবে ৬ উইকেটে ১৩৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
আগে ব্যাটিং করে ১৪৬ রানে অলআউট হয় খুলনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ইনিংসে এ পুঁজি পায় খুলনা। ৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন সোহান। তিনি ছাড়া বাকিরা হয়েছেন ব্যর্থ। আজিজুল তামিম ১৬ বলে ২০ এবং নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান করেন। ১৯.৩ ওভারেই অলআউট হয় খুলনা। চট্টগ্রামের বোলিংয়ে আলো কাড়েন আহমেদ শরীফ। ২৬ রানে ধরেন ৪ শিকার। ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহাদ হোসেন।
লক্ষ্য সহজ হলেও সেটি তাড়া করায় বারবার পথ হারায় চট্টগ্রাম। শুরুতে ১৪ বলে ২৩ রানের ইনিংসে আশা জাগান শাহাদাত দীপু। তবে মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানার বোলিংয়ে ম্যাচে ফেরে খুলনা। অর্ধেক পথে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। এর পর হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী ও না্ঈম হাসান। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ইয়াসির আউট হলে ভাঙে দুজনের ৫৩ রানের জুটি। তখনও লক্ষ্য অনেক দূরে। ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে নাঈম শেষ পর্যন্ত টিকে রইলেও দলকে লক্ষ্য ছোঁয়াতে পারেননি তিনি।
৪ ওভারের স্পেলে রানা ১২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ১৭ রানে ২ উইকেট নেন টুটুল। ঢাকা মেট্রো ও রংপুরের মধ্যকার প্রথম কোয়ালিফায়ারের হেরে যাওয়া দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে খুলনা।