জাবির শিক্ষার্থীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দ্বিতল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪৪)।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত সোহরাব হোসেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা এলাকার আব্দুল লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাত দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতল বাসটি ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলো। বাসটি থানাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টোপথে মোটরসাইকেলটি আসছিল। এসময় বাসটির ধাক্কায় মোটরসাইকেলচালক আহত হন। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বাসের চালক বাসসহ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসে। 

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক আনজিল আহমেদ বলেন, সড়কের পাশে সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রকৃত কারণ জানার পর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।