সিংগাইরের ১০ ইউপি চেয়ারম্যান ফিরে পেলেন প্রশাসনিক ক্ষমতা

হাইকোর্টের রায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেয়েছেন। চেয়ারম্যানদের পক্ষে এক রিট পিটিশনের মাধ্যমে জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপনে তিন মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। সেই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব ইউপি শাখা, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে (ভূমি) রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম। গতকাল শুক্রবার (২০ডিসেম্বর) এ তথ্য জানান তিনি।

বাদী পক্ষের আইনজীবী জানান, গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক চিঠিতে সিংগাইর উপজেলার সদর ইউপি চেয়ারম্যান ব্যতীত ১০ চেয়ারম্যান ধারাবাহিক অনুপস্থিতির কারণে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যার প্রেক্ষিতে চেয়ারম্যানদের পক্ষ থেকে জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। গত ৯ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে জেলা প্রশাসকের দেওয়া আদেশকে ৩ মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে রিটের আবেদনকারী জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে আমরা জনগণের সেবা করছি, ভবিষ্যতেও করতে চাই। এজন্য প্রয়োজন প্রশাসনসহ সকলের সহযোগিতা।

১০ ইউপি চেয়ারম্যানের প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা  সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের চিঠির মাধ্যমে তার নির্দেশ মোতাবেক ১০ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আদালত যদি ওই আদেশ স্থগিত করে থাকেন সেক্ষেত্রে ডিসি স্যারের নির্দেশ মোতাবেক দায়িত্ব ছেড়ে দেব। জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম চালালেও ধারাবাহিক অনুপস্থিতর কারণে জেলা প্রশাসক তাদের ক্ষমতা সহকারী কমিশনারের(ভূমি) ওপর অর্পণ করেন ।