টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্থান্তর করেছে। নিহতরা হলেন, সিএনজি চালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটোচালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া পথে রাস্তায় মারা যান প্রদীপ।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুইজনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।