পাকিস্তানে তল্লাশিচৌকিতে হামলা, ১৬ সেনা নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও পাঁচজন। গতকাল শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে বলে আজ শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি উগ্রবাদী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। উগ্রবাদীদের আক্রমণে ১৬ সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়িয়ে দেয়। পরে পালিয়ে যান তারা। আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়।

পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের এক বিবৃতির বরাতে বলা হয়, পাকিস্তানি তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহী সহিংসতার পুনরুত্থানের বিরুদ্ধে লড়াই করছে। গত বছর সহিংসতায় মৃতের সংখ্যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। 

ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেড় হাজারের বেশি বেসামরিক, নিরাপত্তাকর্মী ও বিদ্রোহী নিহত হয়। গোয়েন্দা কর্মকর্তার মতে, শনিবারের হামলা ছিল ‘এই অঞ্চলে চলতি বছরে সবচেয়ে বিপজ্জনক হামলা’।