খেলতে গিয়ে নিখোঁজ, কিশোরের লাশ পাওয়া গেল নদীতে

সাভারে নিখোঁজের চারদিন পর ধলেশ্বরী নদী থেকে এক কিশোরের ক্ষত-বিক্ষত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীর একটি ঘাট থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরের নাম রুদ্র ইসলাম (১৭)। সে কুষ্টিয়া জেলার খলিশা কুন্ডি গ্রামের হোসাইনের ছেলে। সে পরিবারের সঙ্গে স্থানীয় পানপাড়া স্কুলের পেছনে ভাড়া বাড়িতে থাকত।

নিহতের খালা জানান, ৪ দিন আগে স্থানীয় ছেলেদের সঙ্গে গিয়ে নিখোঁজ হয় রুদ্র ইসলাম। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে যাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে ধলেশ্বরী নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।