ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীর ওপর হামলা

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তানজিদুর জামান দিহানের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইলে এই হামলার ঘটনা ঘটে। আহত দিহান ঈশ্বরদী পৌরসভার বাবুপাড়া এলাকার মৃত সাইদুর জামানের ছেলে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ফিন্যান্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, দিহান, শাওন ও সাইদ মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে পাকশী আমতলা মাঠের দিকে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে বাঘইল সাঁকোর কাছে পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলে করে তিনজন দিহানকে চলতি মোটরসাইকেল থেকে টান দিয়ে ফেলে দেয়। এতে দিহান ডান পায়ে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত দিহানকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাকে যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।