দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বাংলাদেশের জার্সি গায়ে সেই আসরে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালকে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
আজ শনিবার ১৫তম বোর্ডসভা শেষে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে ফারুক সাকিব ও তামিমকে নিয়ে সবুজ সংকেত দিয়েছেন।
তামিম ইকবালের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, আর নির্বাচকরা যদি মনে করেন তাকে প্রয়োজন জাতীয় দলে, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।’ অ্যাভেইলেবল আছেন কি না, এমন প্রশ্নে ফারুক আরও বলেন, ‘আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।’
চ্যাম্পিয়নস ট্রফির জন্য তামিমের মতো সাকিব খেলতে পারবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা উইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী। আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।’