কবে ওটিটিতে মুক্তি পাবে ‘পুষ্পা ২’?

মুক্তির পর বক্স অফিসে তাণ্ডব তুলেছে আল্লু অর্জনের ‘পুষ্পা ২’। মাত্র ১৬ দিনেই ছাড়িয়ে গেছে হাজার কোটির ব্যবসা। ফিল্ম বিশেষজ্ঞরা বলছে, ‘পুষ্পা ২’ ঝড় সহজে কমছে না।

এদিকে ব্যবসা বাড়লেও হায়দরাবাদের প্রিমিয়ারে পদপিষ্ট ঘটনার বিপদ থেকে এখনো মুক্তি পাননি আল্লু অর্জুন। তার ঘাড়ের ওপর ঝুলছে মামলার খড়গ।

ঠিক এরই মধ্যে রটে গেল, পুষ্পা ২-এর মুক্তির একমাস না হতেই নাকি এই ছবি রিলিজ হতে চলেছে ওটিটিতে। শোনা যাচ্ছে, পুষ্পা ২ প্রযোজক চাইছেন, সিনেমা হলের সঙ্গে সঙ্গে ওটিটিতেও ব্যবসাকে এগোতে। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত।

তবে এমন খবর রটে গেলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুষ্পা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই ওটিটিতে ‘পুষ্পা ২’ নয়। ছবি মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এই ছবিকে ওটিটিতে আনা যাবে না।

কারাগারে আল্লু অর্জুনের এক দিনের বনবাস। তাতেই তরতর করে বেড়েছে ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে দেশে। সারা বিশে^র আয়ের নিরিখে আগেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী এই ছবি। দেশে ব্যবসা করেছে আটশ কোটিরও বেশি। শুধু হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশ কোটি ছাড়িয়ে গেছে।