ছোট পর্দার পরিচিত মুখ মাখনুন সুলতানা মাহিমা। একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কাজ করছেন বেছে বেছে। যার কারণে অনেক বেশি কাজে দেখা যায় না তাকে। গেল মাসে তার অভিষেক ঘটেছে বড় পর্দাতেও। ‘রংঢং’ সিনেমাতে তার অভিনয় দর্শক প্রশংসাও কুড়িয়েছে।
মাহিমা এখন ব্যস্ত রয়েছেন নাটক নিয়ে। আসছে ভালোবাসা দিবস ঘিরে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে শুটিং শুরু করেছেন ‘লিটল বার্ড’ নামে একটি নাটকের। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত এই নাটকে মাহিমার সঙ্গে জুটি বেঁধেছেন প্রত্যয় হিরণ। এর আগে তারা একাধিকবার জুটি হয়ে কাজ করেছেন। সর্বশেষ তাদের নাটকে দেখা গেছে গেল বছরের ভালোবাসা দিবসে, ‘ও কন্যা’ নাটকে।
মাহিমা বলেন, ‘লিটল বার্ড’ নাটকটি নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের জন্য। রোমান্টিক ঘরানার কাজ এটি। এই নাটকের মধ্য দিয়ে এক বছর পর ভালোবাসা দিবসের ফিকশনে আমাদের দেখবে দর্শক। যদিও এর মধ্যে প্রত্যয়ের সঙ্গে ধারাবাহিকে কাজ করেছি কিন্তু একক নাটকে করা হয়নি। আশা করছি কাজটি দর্শকদের পছন্দ হবে।’
এই নাটকটি ছাড়া আরও একটি নাটকে জুটি বাঁধবেন প্রত্যয় ও মাহিমা। আগামী ২৪ ডিসেম্বর এর শুটিংয়ে অংশ নেবেন তারা। এটিও পরিচালনা করবেন মাবরুর রশীদ বান্নাহ। এ ছাড়া জানুয়ারি মাসে আরও বেশ কিছু নাটকের শুটিং করবেন বলে জানান মাহিমা।