চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবেন সাকিব-তামিম

জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে সবশেষ দেখা গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। অভিমানে নেওয়া অবসর ভেঙে ফেরার পর একমাত্র ম্যাচ ছিল সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর থেকেই আর দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে। তবে সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে দেখা। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন চট্টগ্রামের হয়ে। প্রস্তুতি নিচ্ছেন বিপিএলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয় দলে কি আর ফিরবেন দেশসেরা এই বাঁহাতি ওপেনার? কিংবা রাজনৈতিক ও আর্থিক কেলেঙ্কারিসহ নানা চাপের মুখে থাকা সাকিব আল হাসানকেও কি দেখা যাবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে।

আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এই দুজনকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় ফারুক আহমেদকে। গতকাল শনিবার ১৫তম বোর্ডসভা শেষেও এই দুজনকে নিয়ে জবাব দিতে হয়েছে তাকে। জানিয়েছেন, দুজনেই খেলতে পারবেন চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে সিদ্ধান্তটা নেবেন নির্বাচক প্যানেল।

বিসিবির বোর্ড সভা শেষে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বলেন, ‘তামিমের ব্যাপারে নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাকে দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে দল নির্বাচকদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেইলেবল।’

তামিমের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবও খেলতে পারবেন বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। তবে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে তিনি নতুন কোনো তথ্য দিতে পারেননি। সাকিবকে নিয়ে ফারুক বলেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না, সেটাও সেই জানাবে। তবে অবসর যেহেতু নেয়নি, তাই চ্যাম্পিয়নস ট্রফির বিবেচনায় সে অবশ্যই থাকবে।’

সাকিব-তামিম ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায়। যেখানে সিদ্ধান্ত হয়েছে, যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে ক্রিকেট বোর্ড। এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ নারী ক্রিকেটারের বেতন বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে আরও ৩০ নারী ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছেলেদের ক্রিকেটের মতো জ্যোতিরাও এখন থেকে পাবেন উইনিং বোনাস। র‌্যাংকিংয়ের শীর্ষ তিন দলকে হারালে একটি মোটা অঙ্কের টাকা বোনাস পান নাজমুল হোসেন শান্তরা, ৪, ৫, ৬ নম্বরকে হারালে আরেকটা অঙ্কের বোনাস পান। এখন থেকে মেয়েরাও (ছেলেদের সমান না হলেও) মোটা অঙ্কের টাকা বোনাস পাবেন, যদি এই দলগুলোর বিপক্ষে জয় পায়।