আগের তিন রাউন্ডে জয় দূরে থাক পয়েন্টের খাতাই খুলতে পারেনি ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তবে চতুর্থ রাউন্ডে এসে প্রথমবারের মতো পেশাদার লিগে জয় ও পয়েন্টের দেখা পেয়েছে গত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ীরা। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শনিবার তারা ২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে। এটি চট্টগ্রামের দলটির উপর্যুপরি চতুর্থ হার। এদিকে বিদেশিহীন ওয়ান্ডারার্সও পয়েন্ট তুলে নিয়েছে প্রথমবারের মতো। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তারা ১-১-এ রুখে দিয়েছ ফর্টিস এফসিকে। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের অপর ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে আগের তিন ম্যাচে অপরাজিত থাকা ব্রাদার্স ইউনিয়নকে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা ফকিরেরপুলের প্রথম তিন রাউন্ডের পথচলাটা সুখকর ছিল না। ঢাকা আবাহনীর কাছে হেরে শুরু করা ফকিরেরপুল এরপর হেরেছে পুলিশ ও ফর্টিজের কাছে। তবে শনিবার তারা নেমেছিল ফেভারিট হয়ে। গোলশূন্য প্রথমার্ধ থাকার পর দুর্বল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সৈয়দ হোসেন সায়েমের গোলে ৫৫ মিনিটে লিড নেয় ফকিরেরপুল। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উজবেক ফরোয়ার্ড সারদর জনভ জয় নিশ্চিত করেন। চার ম্যাচ থেকে ফকিরেরপুল তিন পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল যারা এখনো কোনো পয়েন্ট পায়নি।
মুন্সীগঞ্জে বাংলাদেশ নেমেছিল অজেয় থাকার রেকর্ড অক্ষুণœ রাখতে। পুলিশকে হারিয়ে অভিযান শুরু করা ব্রাদার্স পরের ম্যাচে ড্র করে ফর্টিজের সঙ্গে। পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তৃতীয় রাউন্ড শেষে উঠে আসে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তবে এই ম্যাচে তাদের মাটিতে টেনে নামিয়েছে রহমতগঞ্জ। ম্যাচের দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার রহমতগঞ্জ। তবে ৭০ মিনিটে চেক সেনের সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাদার্স। তবে তাদের স্বস্তি উবে গেছে খানিক বাদেই। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাজ্জাদ হোসেন সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স। তাদের দুর্বলতার সুযোগে ৭৯ মিনিটে নাবীব নেওয়াজ জীবন রহমতগঞ্জকে এগিয়ে নেন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বসুন্ধরা কিংসকে হারানো ঢাকা আবাহনীরও সংগ্রহ সমান ৯। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সাত পয়েন্ট পাওয়া ব্রাদার্সকে নেমে যেতে হয়েছে চারে।
কিংস অ্যারেনায় দিনের অপর ম্যাচে স্বাগতিক ফর্টিসকে রুখে দিয়ে পয়েন্টের খাতা খুলেছে ওয়ান্ডারার্সও। ৩৭ মিনিটে সাকিব ব্যাপারীর গোলে লিড নেয় শতভাগ স্থানীয়দের নিয়ে খেলা ওয়ান্ডারার্স। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ইউক্রেনের ফরোয়ার্ড ভ্যালেরির দুর্দান্ত ফ্রি কিকে সমতায় ফেরে ফর্টিজ। পাঁচ পয়েন্ট নিয়ে ফর্টিজ এখন সপ্তমে। আর এক পয়েন্টে ওয়ান্ডারার্স ঠিক চট্টগ্রাম আবাহনীর ওপরে।