রাহাত ফতেহ আলীর কনসার্টে শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান

গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন।’ বিকেল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। তবে কনসার্টের অন্যতম আকর্ষণ ছিলেন পাকিস্তানের শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সাথে ছিলেন আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণ, নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ ও আবু আহনাফের মা।

এ সময় সারজিস আলম শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেন। তার সঙ্গে গলা মেলান কনসার্টে উপস্থিত হাজারো মানুষ। মঞ্চে উঠে স্লোগান দেন সারজিস আলম — ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।

কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘গত ১৬ বছরে বিভিন্নভাবে আমরা হাসিনার পতনে রাস্তায় নেমেছি। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। ২৪-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’

এছাড়া মঞ্চে গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনরা হত্যাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন। এছাড়া আন্দোলনে আহতরাও শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন।

সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার রাখা হয়েছে।