নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে রানার্সআপ মেয়েরা

কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালেও ভারত বাধা পেরোতে ব্যর্থ হন সুমাইয়ারা। ১১৮ রানের লক্ষ্য তাড়ায় আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৬ রানে অলআউট হতে হয় বাংলাদেশকে। ৪১ রানে জিতে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। রানার আপ হয়েই ক্ষান্ত থাকতে হলো বাংলাদেশকে।

প্রথম ইনিংসে গোঙ্গারি তৃষার ফিফটিতে ৭ উইকেটে ১১৭ রান তোলে ভারত। শিরোপা জিততে তাই বাংলাদেশের প্রয়োজন ১১৮ রান। বোলিংয়ে বাংলাদেশের হয়ে আলো কাড়েন ফারজানা ইয়াসমিন। ৩১ রান খরচার ৪ শিকার ধরেছেন তিনি। ২৩ রানে ২ উইকেট নিয়েছে নিশিতা আক্তার নিশি। হাবিবা ইসলাম পেয়েছেন ১ উইকেট। ভারতের তৃষা ইনিংস উদ্বোধনে নেমে করেন সর্বোচ্চ ৫২ রান। এছাড়া মিথিলা ভিনোদ ১৭ ও অধিনায়ক নিকি প্রসাদ করেন ১২ রান।

এশিয়া কাপের এবারের আসরে এর আগে একটি ম্যাচেই শুধু হেরেছিল বাংলাদেশ। সুপার ফোর পর্বে এই ভারতের বিপক্ষেই। ফাইনালে লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য সূচনা ভালো হয়েছিল এবার। ২ উইকেটে ৪৪ রান পর্যন্ত এসেছিলেন ব্যাটাররা। তার পরেই ঘটে ছন্দ পতন।

দুটি রানআউট, দুটি স্টাম্পিং আর একটি হিট আউটে পরের ৩২ রান তুলতেই সাজঘরে ফেরেন বাকি আট ব্যাটার। দুই অঙ্কের দেখা পান কেবল দুইজন। জুয়াইরিয়া ফেরদৌসের ২২ ও ফাহমিদা ছোঁয়ার ১৮ রানের ইনিংস দুটোই শুধু প্রতিরোধ গড়তে পারে।  ভারতের আয়ুশি শুকলা ৩টি, পারুনিকা সিসোদিয়া ও সোনম যাদব ২টি করে উইকেট নেন।