মাঝরাতে মেঘনায় ঢাকা-বরিশাল রুটের ২ লঞ্চের সংঘর্ষ

ঘন কুয়াশায় মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি লঞ্চগুলোর অগ্রভাগসহ বিভিন্ন কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার রাত আনুমানিক ২টায় মেঘনা নদীর চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী হিজলা এলাকায় এমভি কীর্তনখোলা-১০ ও এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা বশির আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বশির আলী জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চের মধ্যে এমভি কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে সক্ষম হলেও এমভি প্রিন্স আওলাদ-১০ নামের অপর লঞ্চটি ঘটনাস্থলের কাছাকাছি নিরাপদ স্থানে রাতভর নোঙর করে রাখা হয়। পরে আজ রবিবার সকালে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের ৫৮০ জন যাত্রীকে এমভি শুভরাজ-৯ লঞ্চের মাধ্যমে বরিশালে নিয়ে আসা হয়।