কাজে ফিরে সবকিছু নতুন লাগছে: শার্লিন ফারজানা 

বিয়ে ও মাতৃত্বের কারণে অনেক দিন অভিনয় থেকে বিরত ছিলেন শার্লিন ফারজানা। এরপর স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’-তে নিজেকে আবদ্ধ রেখেছিলেন তিনি। এরপর অভিনয়ে ফিরতে চাইলেও ওজন বেড়ে যাওয়ার কারণে তা সম্ভব হয়নি। কাজে ফেরার আগ্রহ থেকে শুরু করেন ডায়েট এবং ওজন ঝরিয়ে আবারও ফিরেন অভিনয়ে।

গত ঈদে তাকে দেখা গেছে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে, যেখানে তার উপস্থিতি ও অভিনয় দুই-ই মুগ্ধ করে দর্শককে। এরপর বেশ কিছু কাজের প্রস্তাব এলেও মন মতো না হওয়ায় তা ফিরিয়ে দেন।

এর মধ্যে শার্লিন ফারজানা একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। যেটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এরপর করলেন একটি নাটকেরও শুটিং। এর নাম ‘ভালোবাসা ভালো রাখার উপায়’। এই নাটকের মধ্য দিয়ে প্রায় অর্ধ যুগ পর নাটকে ফিরেন জনপ্রিয় এ অভিনেত্রী।

দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে শার্লিন ফারজানা বলেন, ‘অনেক দিন পর কাজে ফিরে মনে হচ্ছিল যেন সবকিছু নতুন। একটু অন্যরকম অনুভব হচ্ছিল। বাসায় তো এখন বেশিরভাগ সময় অবসরই কাটাই। সেদিক থেকে কিছুটা অলসও হয়ে গেছি বলে মনে হয়। তাই বারবারই মনে হতো, কাজ করা দরকার। কাজে ফিরলে হয়তো আবারও ভালো লাগবে। সবার সঙ্গে দেখা হবে, কথা হবে।’ তিনি আরও বলেন, ‘কাজ তো আসেই। এর মধ্যে নাটক, বিজ্ঞাপন ও ওটিটির কাজের প্রস্তাবও এসেছে। কিন্তু কেন জানি মন মতো হচ্ছিল না সব। আমি তো কাজ করতেই চাই।’

শার্লিনের ভাষ্যে, ‘আমাকে যারা পছন্দ করেন, তাদের অনেকেই চান আমি নিয়মিত কাজ করি। আমিও চাই। এখন অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ হচ্ছে, নাটকে-ওয়েবে। কত কত সুন্দর চরিত্র দেখি আশপাশে। সব ধরনের কাজ করে যেতে চাই। চরিত্রে ভালো লাগা থাকতে হবে। সম্প্রতি বিজ্ঞাপনে কাজের অনেক প্রস্তাব এসেছে। এর মধ্যে একটি করেছি। বেশ মজাও লেগেছে। সব মাধ্যমে কাজের আগ্রহ রয়েছে আমার। ভালো কিছু হলে আমি তার সঙ্গে যুক্ত থাকব।’

এ ছাড়া অভিনয়ের বাইরে নতুন কিছু করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। শিগগিরই সে বিষয়ে জানাবেন বলেও মন্তব্য করেন তিনি।