খালের পানি দূষণ থেকে রক্ষার দাবি গাজীপুরবাসী

খালের দূষিত পানি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুর নগরীর ৩২নং ওয়ার্ডে জাঝর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় থেকে নগরীর ১৫, ১৭, ও ৩২ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডের উপর দিয়ে মোগড়খালটি প্রবাহিত হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে প্রবাহিত হয়ে টঙ্গী খালে গিয়ে শেষ হয়েছে। খালটির সূচনা স্থান থেকেই দূষণের শিকার হয়ে আসছে। মহানগরীর ভোগড়া ও আশাপাশের এলাকার বিভিন্ন কলকারখানা, বাসাবাড়ি ও বাজরের দূষিত পানি এ খালটি দিয়ে প্রবাহিত হয়। খালটির পাশে যারা বসবাস করেন এ খালের দূষিত পানির ঝাঁঝালো গন্ধে বসবাস করা দুষ্কর হয়ে পড়েছে। খালপারের কোনো জমিতে ফসলাদি হয় না। লালন পালন করা যায় না কোনো গৃহপালিত প্রাণিও। এছাড়া খালের পাড়ে বসবাসকারী শিশু—নারী—পুরুষ ও সাধারণ মানুষের নানা প্রকার রোগ বালাই লেগেই আছে। তাই দূষণে অতিষ্ট এলাকার মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা আক্তারুজ্জামান বাবুল বলেন, আমরা বারবার এ খালের দূষণের বিষয়টি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে জানালেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে এলাকার শিশু, নারী—পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানষ স্বত:স্ফূর্তভাবে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক দল নেতা আক্তারুজ্জামান বাবুল, হাজী মুজিবুর রহমান, হাজী মোঃ নওয়াব আলী, আব্দুর রশিদ, আব্দুর রহিম, মো. সেলিম মিয়া, আবু হানিফ প্রমুখ।

স্থানীয়রা অবিলম্বে মোগড়খালের দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট জোর দাবি জানান।