১৮ বছর আতলেতিকো মাদ্রিদকে ঘরের মাঠ থেকে কখনো জয় নিয়ে যেতে দেয়নি বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে দলটি এতোটাই ছন্দহীন যে সেই অক্ষত দূর্গও ভেঙে পড়েছে। আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে হানসি ফ্লিকের শিষ্যরা। এবারের লিগে প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছিল ১১টিতেই। তার পরের সাত ম্যাচে মাত্র এক জয়ের বিপরীতে চারটিতেই হার, দুটিতে ড্র।
নৈপুণ্যের এমন অবস্থার পর যেন হাঁপিয়ে উঠেছেন বার্সার জার্মান কোচ ফ্লিক। বলেন, ‘এখন বিরতি এসেছে। আর আমাদের সবার বিরতিই দরকার। আমরা সবাই হতাশ, কারণ চমৎকার খেলেও হারতে হলো। এখন আমরা ক্রিসমাস উদযাপন করবো। ২৯ ডিসেম্বর ট্রেনিং শুরু হবে, মৌসুমের পরের অর্ধে কী করতে পারি সেদিকে মনোযোগ দিবো ‘
পয়েন্ট টেবিলে দুইয়ে থাকলেও কার্যত তিনে নেমে গিয়েছে বার্সা। তবুও একে ইতিবাচকভাবে দেখছেন তিনি, ‘হ্যাঁ, দারুণ তিনটা মাসের পর লাগাতার পয়েন্ট হারিয়ে আমরা এখন শীর্ষে নেই। তবে দিন শেষে এখনো আমরা ভালো অবস্থানেই আছি। বিশেষ করে আমরা যেখানে যেতে চাই সেটার পরিপ্রেক্ষিতে। আমি (পয়েন্ট টেবিল) নিয়ে চিন্তিত নই। দল ভালো খেলছে। এই ম্যাচে তারা দেখিয়েছে কতটা ভালো খেলতে পারে। এখন থেকে এটাই আমাদের স্ট্যান্ডার্ড।’