খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদি কারাগারে

চারটি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আলতাফ মাহমুদ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মুর্শেদীকে ৪টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১২টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।

আদালত প্রাঙ্গণে সালাম মুর্শেদীকে লক্ষ্য করে জনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছিল র্যাব।