ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
এর আগে শনিবার ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর দাবি করে। এর কিছুক্ষণ পরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামনে এসেছে।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন।’’
তবে ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে অংশ নিয়েছিল কি না, তা পরিষ্কার নয়। এর আগে, সেন্ট্রাল কমান্ড বলেছিল, হুথিদের কর্মকাণ্ডকে ব্যাহত এবং হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। দক্ষিণ লোহিত সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে হুতিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার লক্ষ্য।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে গত বছরের ১৯ নভেম্বর থেকে এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সর্বাধিক জনবহুল এলাকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীর অনবরত হামলায় বৈশ্বিক পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই জলপথে ব্যাপক সংকট তৈরি হয়েছে।