চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সবাই এত ব্যস্ত কেন, প্রশ্ন সালাহউদ্দিনের

বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দলীয় পারফরম্যান্সে আরও ধারাবাহিকতার প্রত্যাশা করছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পরও দলটির কাছ থেকে আরও পরিণত এবং স্থিতিশীল পারফরম্যান্স চান তিনি।

মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই ছন্দপতন শুরু হয় টাইগারদের। ভারতের মাটিতে টেস্ট সিরিজে ২-০ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরে আসে দল।

এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারতে হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটাও ভালো ছিল না। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সালাহউদ্দিন বলেন, ‘যদি টি-টোয়েন্টি সিরিজ জিতেও থাকি, তবুও আমাদের দুর্বলতা রয়ে গেছে। অনেক জায়গায় আমাদের দ্রুত উন্নতি করতে হবে। সময় নেওয়ার সুযোগ নেই, কারণ অপেক্ষা করতে করতে অনেক সময় পেরিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা এত বছর ক্রিকেট খেলার পরও এখনো যে জায়গায় থাকার কথা, সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের দ্রুতই এই বিষয়গুলো দেখতে হবে এবং সমাধান করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছিল সালাহউদ্দিনের প্রথম অ্যাসাইনমেন্ট। এই সিরিজে তিনি বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছেন, যেগুলো চ্যাম্পিয়নস ট্রফির আগে সমাধান করতে চান।

‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সবাই এত ব্যস্ত কেন, আমি জানি না,’ বলেন সালাহউদ্দিন। ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি সিরিজে দলের উন্নতি। সিরিজটি নতুন দল হিসেবে আমরা যথেষ্ট ভালো খেলেছি, তবে আরও ভালো করা যেত। আমাদের অনেক জায়গায় দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’

জাতীয় দলের এই কোচের মতে, ধারাবাহিক উন্নতির মাধ্যমেই চ্যাম্পিয়নস ট্রফি কিংবা অন্যান্য বড় আসরে ভালো কিছু করা সম্ভব হবে।