শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা

কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ রবিবার বিকেল সোয়া ৫টায় শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া চিকিৎসক জাবির।

ডা. জাবির জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চালু থাকবে। এর মধ্যে যদি দাবি মেনে প্রজ্ঞাপন করা হয় তাহলে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করবেন তারা। যদি তাদের দাবি মেনে না নেওয়া না হয় তবে কর্মবিরতি চলমান থাকাসহ আবারও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে রবিবার সকালে বিএসএমএমইউয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। কর্মসূচিতে আবাসিক-অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন। ২৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তাদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।