খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান কার্যালয়ে (বয়রা) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালায়। এ সময় চারটি প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করেন তারা।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে দুদকের একটি টিম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত নগরীর বয়রাস্থ ওজোপাডিকোর প্রধান কার্যালয়ে যায়। সেখান থেকে চারটি প্রকল্পের বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেন। এ ছাড়া আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশনা দেন।

এ প্রসঙ্গে দুদকের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ ও সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, বিগত ১৬ বছরের তাদের চারটি প্রকল্পের মধ্যে দুইটি বাস্তবায়ন হয়েছে বাকি দুটি চলমান রয়েছে। এই কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এ জন্য আমরা প্রকল্পের হিসাব নিকাশ ও কাগজপত্র চেয়েছি। তবে সব কাগজপত্র তারা দিতে পারেনি। কিছু কাগজপত্র দিয়েছে। এ ছাড়া বাকি কাগজপত্র আমাদের সরবরাহ করার জন্য বলেছি। 

তারা আরও জানান, কাগজপত্র পর্যালোচনা করে এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে তারা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। তারপর সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে।