ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে ডিফেন্সিভ মিডফিল্ড বা ডিফেন্সে খেলেন হামজা চৌধুরী। এর আগে প্রিমিয়ার লিগে হামজা মাঠে নেমেছেন ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে।
গেল বৃহস্পতিবার হামজা নিজেই তার ইন্সটাগ্রামে জানান, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে তার আর কোন বাধা নেই। পরে বাফুফেও হামজার বিষয়ে ফিফার ছাড়পত্র পাওয়ার কথা জানায়।
হামজার মা বাংলাদেশি। হামজা বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর আজই প্রথম মাঠে নেমেছিলেন লেস্টারের হয়ে। হামজাকে নিয়ে গেল কয়েক বছর ধরেই আগ্রহ বাংলাদেশি ফুটবল ভক্তদের। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হলো না হামজার। তার দল লেস্টারকে ৩-০ গোলে হারিয়েছে উলভস।
হামজা এদিন নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। ম্যাচের ৫৩ মিনিটে নামেন তিনি। দল হারলেও হামজার পারফরম্যান্স খারাপ ছিল না। ম্যাচে সবগুলো পাস (২৭টি) সফলভাবে দেন তিনি। প্রতিপক্ষের সঙ্গে চারটির ডুয়েলের মধ্যে দুটিতে সফল হন হামজা। হামজা মাঠে নামার পর আর গোলও হজম করেনি লেস্টার।