সরে দাঁড়ালেন বাঁধন

চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী চলতি বছরে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। নারীকেন্দ্রিক গল্পে ‘মেয়েদের গল্প’ শিরোনামে সেই সিনেমায় অভিনয় করার কথা ছিল আজমেরী হক বাঁধনের।

কিন্তু এবার জানা গেল সেই সিনেমাতে থাকছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী। বাঁধনও এতটুকু জানালেন যে, তিনি থাকছেন না। বললেন, ‘আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু আর বলতে চাই না।’

এ বিষয়ে বিস্তারিত জানালেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, ‘একটি সিনেমায় বেশকিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটাসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না।’

বছর দশেক আগে সিনেমাটির কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। তিনি ছবিটি প্রযোজনা এবং এতে অভিনয় করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু ২০১৬ সালে দিতির মৃত্যুর কারণে সব থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জাড়িয়ে আছে, তাই কাজটি শেষ করতে চান তিনি।

লামিয়ার ভাষ্যে, ‘মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেরি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।’