বার্সাকে মাড়িয়ে শীর্ষে উঠল আতলেতিকো

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেছিলেন বার্সেলোনার অফসাইড ফাঁদ আমার দলের বিপক্ষে কাজ করবে না। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, কীভাবে? উত্তরে সিমিওনে হেসে বলেন, ‘আমরা আক্রমণই করব না।’ কথাটা যে মজা করে বলা তা মাঠেই প্রমাণ করে দিলেন। বার্সেলোনার মাঠে ঠিকই আতলেতিকো আক্রমণ করল। ম্যাচও জিতল তারা। ২-১ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ডি পল-আলভারেজরা।

১৮ বছর পর এই প্রথম বার্সার মাঠে লিগ ম্যাচ জিতল আতলেতিকো। ২০১২ সাল থেকে সিমিওনে আতলেতিকোর কোচ। দুবার ক্লাবকে লা লিগা শিরোপা জেতালেও কোচ হিসেবে বার্সার মাঠে প্রথম জয় পেলেন তিনিও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে জয় পেল আতলেতিকো। নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল আতলেতিকো। সেই তারাই বছর শেষ করল বার্সার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে! ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট আতলেতিকোর। ১১ নভেম্বর রিয়েল সোসিয়েদাদের কাছে হার দিয়ে ৮ ম্যাচের অধঃপতনের শুরু বার্সার। হারল চতুর্থ ম্যাচ। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

লামিন ইয়ামালকে ছাড়া খেলতে নামলেও নিজেদের মাঠে ম্যাচের শুরুতে আধিপত্য দেখায় বার্সা। ২১ মিনিটে আতলেতিকোর বক্সে গিলানো সিমেওনের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনা। তবে রেফারির সাড়া মেলেনি। ভিএআরেও বদলায়নি সিদ্ধান্ত। তবে ৩০ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের মধ্যে ঢুকে গাভির সঙ্গে ওয়ান-টু পাসের পর নিচু শটে গোলকিপার ইয়ান ওবলাককে পরাস্ত করে মৌসুমে তার চতুর্থ গোল করেন পেদ্রি।

প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য পাঁচটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে বার্সেলোনা। আতলেতিকো গোটা প্রথমার্ধে গোলের জন্য একটি শটও নিতে পারেনি।

৪৭ মিনিটে ফের্মিনের শট পা দিয়ে ঠেকান আতলেতিকো গোলকিপার ওবলাক। ৫৭ মিনিটে রাফিনহার চিপ শট ক্রসবারে লাগে। ৬০ মিনিটে সমতা আনে আতলেতিকো। বক্সে জুলিয়ান আলভারেজের পাস ব্যাক-হিল ফ্লিকে ক্লিয়ারের চেষ্টায় পারেননি বার্সেলোনার মার্ক কাসাদো। বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। ৭৬ মিনিটে গোলের সুযোগ হারান লেভানডফস্কি। বক্সে বল পেয়েও কিন্তু ঠিকমতো শট নিতে পারেননি পোলিশ স্ট্রাইকার।

পরের মিনিটে সুযোগ পেয়ে যায়দ আতলেতিকো। কা পাবলোর শট পা দিয়ে ফিরিয়ে বার্সেলোনাকে রক্ষা করেন গোলকিপার পেনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সমর্থকদের স্তব্ধ করে দেন সরলথ। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে পাঠান ৭৩তম মিনিটে বদলি নামা সরলথ।

ম্যাচ শেষে আতলেতিকো কোচ সিমিওনে বলেন, ‘দলের প্রচেষ্টায় আমি খুব খুশি। এমন একটি দলের, যারা খুব ভালো খেলে, তাদের বিপক্ষে রক্ষণ সামলাতে আমরা যথেষ্ট ভালো ছিলাম। বিশেষ করে প্রথমার্ধে, আমাদের গোলের আগ পর্যন্ত তারা আমাদের চেয়ে বেশ ভালো খেলেছে। এরপর আমরা ম্যাচে নিজেদের খুঁজে পেতে শুরু করি এবং মনে হয়েছে, আমরা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। দল শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পেরেছে।’

বার্সেলোনা লিগে শেষ ৭ ম্যাচের ৬টিতে পয়েন্ট হারিয়েছে। আতলেতিকোর সঙ্গে হারের পর বার্সা কোচ হান্স ফ্লিক বলেন, ‘এখন বিরতি এসেছে। আর আমাদের সবার বিরতিই দরকার। (আতলেতিকোর বিপক্ষে) এই হার আমাদের জন্য হতাশাজনক। কারণ ম্যাচটা আমরা ভালো খেলেছি। এখন আমরা ক্রিসমাস উদ্যাপন করব। এরপর অনুশীলন শুরু করে দেখব মৌসুমের বাকি সময়ে কী করতে পারি।’ লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ প্রায় এক মাস পর। মাঝে কোপা দেল রে ও সুপারকোপার সেমিফাইনাল আছে তাদের।