প্রশাসন বাদ দিয়ে ২৫ ক্যাডারের নতুন সংগঠন

বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের উপসচিব ও তার ওপরের পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)। গতকাল রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)। গত শনিবার রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. মো. নুরুল আমিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতারা অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সবার সহযোগিতা কামনা করেন।