বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ জন রিমান্ডে

পূর্বাচলে ৩০০ ফিট সড়কে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেনÑ মুবিন আল মামুন ও তার দুই বন্ধু মো. মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী। তাদের মধ্যে মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে গতকাল সকালে নিহত মুহতাসিমের সহপাঠীরা নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেই সঙ্গে নিরাপত্তা প্রহরায় আসামিদের আদালতে উঠানো হয়।

গত ১৯ ডিসেম্বর রাতে পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এ ঘটনায় মোহতাসিম ঘটনাস্থলেই মারা যান।