ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মুন্সীগঞ্জে একই স্থানে ৭ যানের সংঘর্ষ, প্রাইভেট কারচালক নিহত

ঘন কুয়াশার কবলে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে আলাদা সাতটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি প্রাইভেট কারের চালক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম ফরহাদ হোসেন (৪০)। গতকাল রবিবার সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার সিংপাড়া আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।

এদিকে রবিবার ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে একই উপজেলার এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাকা পাংচার হলে পেছনে থাকা মিজান পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দেয়। এতে দুই বাসযাত্রী আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সিংপাড়া এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ওপর মাওয়ামুখী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। একই সময়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয় আরেকটি বাস। এরপর সাকুরা, এনা ও গোল্ডেন লাইন পরিবহনের আলাদা তিনটি যাত্রীবাহী বাস একে অন্যের পেছনে ধাক্কা দেয়। তার পেছনে ধাক্কা দেয় পুলিশ লেখা একটি মাইক্রোবাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।