ঘন কালো মেঘলা আকাশেও আলো খুঁজে বেড়াচ্ছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির ডাগআউটে বসে হয়তো তিনি স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন—সেই বার্সেলোনা, সেই সময়, সেই লিওনেল মেসি। আর সেই স্মৃতি থেকেই কি এবার তিনি খুঁজে পেয়েছেন তার দলের সমস্যার সমাধান? ফুটবল বিশ্বের গুঞ্জন, গার্দিওলা শীতকালীন দলবদলে মেসিকে স্বল্পমেয়াদী লোনে আনার কথা ভাবছেন।
ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ত জানাচ্ছে, গার্দিওলা ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ব্যর্থতা ঘোচাতে মেসিকে দলে চাইছেন। মেজর লিগ সকারের (এমএলএস) বিরতিতে ইন্টার মায়ামির তারকাকে শীতকালীন লোনে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।
বার্সেলোনায় গার্দিওলা-মেসি যুগ বিশ্ব ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সেই সময় মেসি ছিলেন ফুটবলের এক অপরাজেয় জাদুকর, আর গার্দিওলা ছিলেন সেই জাদুকরের পরিচালক। এখন, ম্যানসিটির দুঃসময়। এবারের ইংলিশ প্রিমিয়ার সবশেষ ৮ ম্যাচের ৬টিতেই তারা হেরেছে। ক্রমশ ফিকে হয়ে আসছে শিরোপা ধরে রাখার স্বপ্ন। জটিল হয়ে ওঠা এই সংকট কাটিয়ে ওঠার জন্য গার্দিওলা আবারও তার পুরনো অস্ত্র মেসির শরণাপন্ন হতে চান।
মেসির ইন্টার মায়ামি বর্তমানে এমএলএস বিরতিতে আছে। এই সুযোগে তাকে লোনে আনার ভাবনা অনেকটা বাস্তবসম্মত মনে হচ্ছে। এর আগে ডেভিড বেকহ্যাম ও ল্যান্ডন ডনোভানের মতো এমএলএস তারকারা ইউরোপে শীতকালীন লোনে খেলেছেন। গার্দিওলা চান মেসি এই ছোট সময়ের জন্য সিটির আক্রমণভাগে নেতৃত্ব দিন এবং দলকে পুনরুজ্জীবিত করুন।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে মেসির বর্তমান দল ইন্টার মায়ামি। ক্লাবটি চায় না তাদের প্রধান তারকা ইনজুরির ঝুঁকিতে পড়ুক। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের পারফরম্যান্স ও জনপ্রিয়তায় যে অভূতপূর্ব উত্থান এসেছে, তা হারানোর ঝুঁকি নিতে চায় না ক্লাব কর্তৃপক্ষ।
যদিও এটি এখনো কেবল একটি ধারণা, তবে গার্দিওলার মতো কোচ এবং মেসির মতো খেলোয়াড়ের পুনর্মিলনের সম্ভাবনা ফুটবলপ্রেমীদের মনে রোমাঞ্চ জাগাচ্ছে। মেসি কি ম্যানসিটির আকাশী নীল জার্সি গায়ে মাঠে নামবেন? পেপ-মেসির যুগের নতুন অধ্যায় কি আবারও রচিত হবে?
সময়ের অপেক্ষা। কিন্তু একটি বিষয় নিশ্চিত—গার্দিওলা জানেন, তার সংকটের সমাধান কোথায় লুকিয়ে আছে। আর সেই সমাধান হতে পারে তার পুরনো বন্ধু, ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ তারকাদের একজন—লিওনেল মেসি।