বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় করা আলাদা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে। এ ছাড়া নরসিংদী- ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক এমপি সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
আনিসুল, সালমান, ইনু, মেনন, মামুন ও জিয়াউলকে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পলককে নিউ মার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় এবং সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদী-২ আসনের সাবেক এমপি পোটনকে যুবদলের নেতা শামীম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায় গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। ওই সমাবেশ প- করার উদ্দেশ্যে পুলিশের হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় হত্যা মামলাটি করা হয়। গত ১৯ ডিসেম্বর পোটনকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।