ছাত্র আন্দোলনে গুলি ছোড়া সেই মিঠুন গ্রেপ্তার

আন্দোলনে ছাত্র-জনতার ওপর বিদেশি পিস্তল দিয়ে গুলি চালানো সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে ফেনী সদরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপির উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরেকজনের কাছ থেকে ধার করা বিদেশি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ছিলেন মিঠুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তিনি। ছাত্র আন্দোলনে ব্যবহার করা তার অস্ত্রটি উদ্ধারে শিগগির অভিযান পরিচালনা করা হবে।

সিএমপির উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আরও বলেন, ‘মিঠুন চক্রবর্তী চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে আছেন। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল, তখন মিঠুন প্রকাশ্যে গুলি চালান। এ ধরনের একটি ভিডিও আমরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। ভিডিও দেখে আমরা তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পাঁচলাইশ থানার একটি মামলায় মিঠুন এজাহারনামীয় আসামি বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, মিঠুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সম্পৃক্ততা আমরা পেয়েছি। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ^স্ত সহযোগী ছিলেন তিনি। টিনুর সহযোগিতায় মিঠুন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন বলে আমাদের কাছে তথ্য আছে। তাকে আজ (সোমবার) আমরা আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করব।’