অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আজ সোমবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর: টাইমস অব ইন্ডিয়া
এতে বলা হয়, অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুইদিন থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে না পারায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বয়স ২২-৪২ বছরের মধ্যে।
পুলিশ জানায়, আটক বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। তাই তাদের আটক করা হয়েছে। আটকের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে।
আটকদের মধ্যে দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি ও একজন প্লাম্বারের কাজ করতেন। এ ছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন বলে জানায় থানে জেলার পুলিশ।