গর্তে ঢুকিয়ে ‘তরুণীকে’ পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পুড়াচ্ছেন। 

এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেন। এতে সন্দেহ আরও বাড়লে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পুলিশকে কবর দিলে তারা লাশ বের করেন।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না নারী তা বুঝা যাচ্ছে না। পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।