কাজ দিয়ে মানুষের মনে থাকতে চাই

বিয়ে, সংসারের কারণে অনেক দিন পর্দায় ছিলেন না মডেল ও অভিনেত্রী তাশদিক নমিরা আহমেদ। চার বছর পর বিরতি ভেঙে সিনেমার শুটিং দিয়ে কাজে ফেরেন এই ভিট সুন্দরী। ‘আলী’ শিরোনামে সিনেমাটির শুটিং শেষে এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।

এর মধ্যে আবারও শোবিজে ব্যস্ত হয়ে উঠেছেন নমিরা। নাচ, বিজ্ঞাপন ও অভিনয় সবকিছুতেই নিজেকে ধরেছেন মেলে। এর মধ্যে শেষ করেছেন একটি একক নাটকের কাজ। তাছাড়াও রয়েছে তিন ধারাবাহিকে অভিনয়ের ব্যস্ততা।

তাশদিক নমিরা দেশ রূপান্তরকে বলেন, ‘খুব সম্ভবত ২০১৯ সালে নাটকের শুটিং করেছিলাম। এরপর তো বিরতিতে চলে গেলাম। প্রায় চার বছর পর সিনেমা দিয়ে ফিরলাম। এরপর নাটক, বিজ্ঞাপন নিয়ে বেশ ভালোই ব্যস্ততা।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সালাহউদ্দিন লাভলু, মুরাদ পারভেজ এবং সাজিন আহমেদ বাবুর তিনটি ধারাবাহিকে কাজ করছি। নাটকের নামগুলো হলো ফুল ঘো, স্মৃতির আল্পনা আঁকি এবং ঘরের শত্রু বিভীষণ। কাজে ফিরে ভীষণ ভালো লাগছে। নিজেদের মানুষদের সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে। প্রতিনিয়ত কারও না কারও সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ উপভোগ করছি।’

নির্মাতাদের পাশাপাশি শিল্পীরাও চাইতেন তিনি কাজে ফিরুক, এমনটা জানিয়ে নমিরা বলেন, ‘আমি যখন কাজ করতাম না তখন থেকে অনেকেই আমাকে বলতেন কাজে কবে ফিরব! সবাই চাইতেন আমি আবার নিয়মিত কাজ করি। এখন তো ফেরা হয়েছে। মাসের প্রায় ১৫ দিন শুটিং করি। এ ছাড়া বিজ্ঞাপন, নাচ এবং অন্যান্য ব্যস্ততা তো রয়েছেই।’

একক নাটকে ব্যস্ত না রেখে ধারাবাহিকে কেন, এমন প্রশ্নে এই ভিট সুন্দরী বলেন, ‘একটা সময় ছিল যখন ধারাবাহিকের অনেক দর্শক ছিল, এখনো আছে। গত চার-পাঁচ বছরে হয়তো ইউটিউবে দর্শক বেড়েছে। তার মানে কিন্তু এই না যে, ধারাবাহিকের দর্শক নেই বা দেখছে না। ভারত থেকে শুরু করে তুর্কি এবং বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সিরিয়ালই বেশি চলে বা দেখে। সেই সিরিয়াল দিয়ে অভিনয়শিল্পীদের আলাদা পরিচিতি গড়ে ওঠে। আমাদের এখানে হয়তো এখন একটু কম, কিন্তু দেখছে। তাদের গল্পগুলো ভালো লেগেছে বলে কাজগুলো শুরু করেছি। একক নাটকের প্রস্তাব যে আসে না, তেমন না। এসেছে। কিন্তু ধারাবাহিকের শিডিউলের কারণে সময় দিতে পারছি না। এর জন্য তিনটি একক নাটকের কাজ মিস করেছি।’

সিনেমা দিয়ে ফেরার ঘোষণা, কিন্তু সেটি এখনো মুক্তি পায়নি। অভিনেত্রী বললেন, ‘আমি নাটকে কাজ করলেও সিনেমা নিয়ে কখনোই কোনো পরিকল্পনা ছিল না। কোনোদিন ভাবিওনি যে সিনেমা করব। গল্প এবং সবকিছু মিলিয়ে ভালো লেগেছে, যার কারণে “আলী” করেছি। এটা এই বছরেই মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু একই পরিচালকের একটি ছবি (ভয়াল) কিছুদিন আগেই মুক্তি পেয়েছে, তাই এটা এখন আর দিতে চাচ্ছে না। আগামী বছরে মুক্তির পরিকল্পনা করছেন।’

নাটক-ওটিটি-সিনেমা, সব মাধ্যমেই কাজ করতে চান জানিয়ে নমিরা বলেন, ‘আমি সব মাধ্যমে কাজ করতে চাই। নাটক তো করছি, ওটিটি করতে চাই। কিন্তু এখন পর্যন্ত এই মাধ্যম থেকে ডাক আসেনি কোনো। যদি আসে তাহলে অবশ্যই কাজ করতে চাই। মাঝে অনেক দিন পর্দায় ছিলাম না। তারপরও কাজে ফেরার পর সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি সেটা অসীম। আমি কাজ দিয়ে মানুষের মনে থাকতে চাই। এটাই আমার লক্ষ্য। ভালো ভালো কাজ করে যেতে চাই, যেন দর্শকরা আমাকে মনে রাখে।’

এদিকে বছরের শেষান্তে অর্থাৎ থার্টিফার্স্ট উপলক্ষে নাচের অনুষ্ঠান নিয়ে দেশের বাইরে যাচ্ছেন নমিরা। প্রবাসী বাঙালিদের সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করবেন তিনি।