ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।খবর এনডিটিভির।
গতকাল মঙ্গলবার কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একটি সেনাযান বানোই এর দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আহত সেনা সদস্যরা চিকিৎসাসেবা পাচ্ছেন। এ ছাড়া দ্রুত সাড়াদান দলের সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। আর এর ফলেই ঘটে এই বিপত্তি। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।