বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রায় চার মাস পর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। 

তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য আপনাদের সতর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে কালুরঘাট শিল্প এলাকা থেকে এস আলমের বিলাসবহুল গাড়ি সরানো কাণ্ডে সমালোচনার মুখে গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির এই তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্র।