দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটরে পত্রিকাটির কার্যালয়ের পাশে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হয়েছেন। পরে তারা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জন দুর্বৃত্ত অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। ধারনা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।
ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণীর পত্রিকার কার্যালয়ে গিয়েছিল হুমকি দিয়েছিলেন। তখন আমরা বাহিরের থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদের অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খুঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।
পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান, তারা (হামলাকারীরা) আমাদের পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। এই ঘটনায় মামলা করা হবে বলে জানান তারা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।