পাওনা টাকা চাওয়ায় বাকবিতণ্ডা, মুরগি ব্যবসায়ীকে হত্যা

রাজধানীর লালবাগ নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধারাল অস্ত্রের আঘাতে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হুসাইন শুভ (৩৫)। চিকিৎসাধীন বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

গত সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পেছনে শাকিল নামের এক যুবক শুভকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে।

নিহত শুভর ভাই মো. শাহাদাত হোসেন জানান, তাদের বাসা লালবাগ ডুরিআঙ্গুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাজার থেকে বাসায় ফেরার সময় সোমবার রাত আড়াইটার দিকে শাকিল নামে এক যুবক শুভকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছিল।

শাহাদত আরও জানান, আহত অবস্থায় শাকিল তাদের বলেছেন, নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পেতেন শুভ। সোমবার রাতে পাওনা টাকা চাইতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে।

নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম জানান, শাকিল নামের এক যুবকের কাছে পাওনা ১১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে শুভকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।